বাংলাদেশ এখন অন্যদের জন্য উন্নয়নের রোল-মডেল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫১ বছর পার করেছে। এই সময়ে অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে অর্থনীতির ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পোঁছেছে। বাংলাদেশ এখন অন্যদের জন্য ‘উন্নয়নের রোল-মডেল’।
রবিবার (৩ মার্চ) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র বিস্তৃত হয়েছে। এসময় কোভিড-১৯ থেকে বাঁচতে বাংলাদেশকে ভ্যাকসিনসহ নানা ধরনের সহযোগিতা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, অর্থনীতির আকারে বর্তমান বিশ্বে বাংলাদেশ ৪১তম, যা ২০০৬ সালে ছিল ৬০তম। স্বাধীনতার পর আমাদের অর্থনীতি জিডিপিতে ১০০ বিলিয়ন ডলার ছাড়াতে সময় লেগেছিল ৩৮ বছর, যা গত ১২ বছরে চারগুণ বৃদ্ধি পেয়ে ৪১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।










