ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। এই বৈঠকে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দলের সংরক্ষিত নারী সংসদ সদস্য কোন যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে, তা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যায়।
শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ নির্বাচনের আগে ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। এরপর আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় বৈঠক ডাকা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের ব্যস্ততা ছিল, তাই অনেক দিন স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়নি। কাল বৈঠক ডাকা হয়েছে, আমি উপস্থিত থাকব।
তবে বৈঠকের এজেন্ডা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি জানেন না।











