যাকাত নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় বিএনপির নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। একই সঙ্গে সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটি আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটুক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে মাওলানা সাজেদুর রহমান বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়।
বিবৃতিতে তিনি সবাইকে ধর্মীয় বিষয়ে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, এতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকবে। অন্যথায় আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঠে নামতে বাধ্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।











