যাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে বলেছেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটি আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটূক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
তিনি বলেন, বিএনপির মহিলা নেত্রী নিলুফার মনির যাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হেফাজত মহাসচিব আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়।
তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্যের জন্য দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে তা প্রত্যাহার করতে হবে এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
আল্লামা সাজেদুর রহমান বলেন, আমরা সকলের প্রতি আহ্বান জানাই, ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার সময় সংযম, শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখুন, যাতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকে। আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানেরা যেন মাঠে নামতে বাধ্য না হয়।











