আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য গোপনে যোগাযোগ করছে।
শনিবার (৩ জুলাই) সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা দুঃস্বপ্ন মাত্র। উল্টো এখন বিএনপি’র সর্ব পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য গোপনে যোগাযোগ করছে।
ওবায়দুল কাদের আরও বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি তারা নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিলো তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনও মরিয়া হয়ে অন্ধকার গলিতে হাঁটছে।











