spot_img
spot_img

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বছরে ১৩০টি বৃত্তি দিবে হাঙ্গেরি

বাংলাদেশ থেকে প্রতি-বছর ১৩০ জন করে আগামী তিন বছরের জন্য মোট ৩৯০ জন ছাত্রছাত্রী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তি নিয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করার সুযোগ পাবেন।

বুধবার (৩০ জুন) হাঙ্গেরি ও বাংলাদেশের মধ্যে ‘স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম প্রোগ্রাম’ শীর্ষক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী বাংলাদেশী শিক্ষার্থীরা হাঙ্গেরিতে পড়াশোনা করার সুযোগ পাবেন। বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ আবদুল মুহিত বাংলাদেশ সরকারের পক্ষে এবং হাঙ্গেরির পক্ষে সে দেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণলয়ের কূটনীতিক একাডেমি ও ‘স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম’ বিষয়ক স্টেট সেক্রেটারি ড. ওরসোলিয়া প্যাকসে-তোমাসসি এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, নতুন সমঝোতা স্মারকে বাংলাদেশী শিক্ষার্থী ও পেশাজীবিদের নিউক্লিয়ার এনারজেটিকস বিষয়ে পড়াশোনার জন্য বছরে নতুন ৩০ জন শিক্ষার্থীর বৃত্তি নতুনভাবে সংযোজিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী গত তিন বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০-টি বৃত্তি প্রদান করে আসছে। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী হাঙ্গেরি আগামী তিন বছর বাংলাদেশী শিক্ষার্থীদের বার্ষিক ১৩০ টি করে বৃত্তি প্রদান করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আগে দু’দেশের প্রতিনিধিদের বৈঠককালে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়েও কার্যকর আলোচনা হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ