spot_img
spot_img

মানুষ স্বস্তিতে আছে বলেই মির্জা ফখরুলের মন ভালো নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ স্বস্তিতে আছে এ কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই।

সোমবার (৩ জুলাই) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মানুষ শান্তিতে আছে, আনন্দে আছে নাকি বিরোধীদলের ভাষা অনুযায়ী মানুষ কষ্টে আছে? মানুষ আনন্দে থাকলে বিএনপির কষ্ট হয়, ফখরুল কষ্ট পাচ্ছে। মানুষ স্বস্তিতে আছে, আমি বলবো না খুব ভালো আছে। মানুষ স্বস্তিতে আছে মির্জা ফখরুল ইসলামের জন্য এটা অস্বস্তির কারণ। এজন্য তার মন ভালো নেই।

তিনি বলেন, আমি মির্জা ফখরুলকে শুধু একটা কথা বলব। সারা বিশ্বের কথা নাইবা বললাম। আশপাশের যে দেশগুলো আছে, মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোন পর্যায়ে যায়নি। জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার যথাসাধ্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মির্জা ফখরুল বাইরের খবর জানেন না, তাকে অনুরোধ করি, আশেপাশের দেশগুলোতে ঘুরে আসতে বলি এবং বাজার বাজারে গিয়ে পর্যবেক্ষণ করতে তাকে আমি অনুরোধ করি। তাহলে যদি সত্য কথাটা যদি বলেন।

তিনি আরও বলেন, এখন রাজনীতির জন্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজকে বিশ্বযুদ্ধের কারণে, নিষেধাজ্ঞা- পাল্টা নিষেধাজ্ঞা, পাকিস্তানের মতো দেশ, শ্রীলংকার মতো দেশ হিমশিম খাচ্ছে। ভারতে দ্রব্যমূল্য আগের চাইতে অনেক বেশি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বেশিরভাগই দায়ী বিশ্ব অর্থনীতি।

বাংলাদেশে কোনো সংকট ছিল না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের এখানেই কোন সংকট ছিল না। আমাদের এখানে সবকিছু সহনীয় পর্যায়ে ছিল। তবে আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলি- আপনি এইসব অবান্তর অভিযোগ যখন সরকারের বিরুদ্ধে আনছেন যখন বলছেন যে, এবারের ঈদে মানুষের কোন আনন্দ ছিল না। আনন্দ না থাকলে গতবারের চেয়ে কত বেশি পশু এবার কোরবানী হয়েছে? এটার হিসেব কি ওনার কাছে আছে? ৫১ লাখ বেশি কোরবানি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ