মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।
রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা (আজ) সোমবার শুরু হওয়ার কথা রয়েছে। তিনি জানান, যুদ্ধের চেয়ে আলোচনার পথই বেশি কার্যকর এবং এতে অপ্রয়োজনীয় প্রাণহানি এড়ানো সম্ভব হবে।
ইরানের সঙ্গে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, দেখা যাক কী হয়। আমরা যখন চাই তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে আমি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না, কারণ এতে অনেক মানুষের প্রাণ যায়, আর আমরা তা চাই না।
ট্রাম্প দাবি করেন, আমেরিকা বড় ধরনের সামরিক অভিযানের জন্য প্রস্তুত ছিল। তার ভাষায়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হতে পারত, যা ইরানের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনত। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের পক্ষ থেকে আলোচনার সম্ভাবনার কথা জানানো হলে সেই অভিযান আপাতত স্থগিত রাখা হয়।
তিনি আরো বলেন, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালির পূর্ণাঙ্গভাবে উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি অর্জনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।










