পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার না করতে বর্তমান সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন শেখ হাসিনার মতো হয়ে না ওঠেন, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু বিগত সরকার নিজেদের দলীয় স্বার্থে তাদের ব্যবহার করে লীগ বাহিনীতে পরিণত করেছিল। বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এমন কোনো পথে পা বাড়িয়ে আরেকটি শেখ হাসিনা তৈরি না হন।”
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে আলেম-ওলামাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে।
মামুনুল হক আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তেল, বিদ্যুৎ ও সারের সংকট চরম আকার ধারণ করেছে। অথচ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বুক ফুলিয়ে বলছেন, দেশে কোনো ঘাটতি নেই। কিন্তু বাস্তবে মাঠপর্যায়ে কৃষকরা সার পাচ্ছেন না। বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমানসহ দলটির নেতাকর্মীরা।











