রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে দেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত এবং ৭৯৪ জন আহত হয়েছেন।
সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭৮ জন নিহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় গত আগস্ট মাসে ৫১৯ জন নিহত হয়েছিলেন। গড়ে প্রতিদিন নিহত হন ১৬.৭৪ জন। সেপ্টেম্বর মাসে প্রতিদিন নিহত হয়েছেন ১৫.৮৬ জন। এই হিসেবে সেপ্টেম্বর মাসে প্রাণহানি কমেছে ৫.২৫ শতাংশ। তবে প্রাণহানি হ্রাসের এই মাত্রা কোনো টেকসই উন্নতির সূচক নির্দেশ করছে না।











