আফগানদের আধুনিক বিজ্ঞান ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তালেবান নেতৃত্বাধীন সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শিক্ষামন্ত্রী শেখ নিদা মুহাম্মদ নাদিম।
সোমবার (২অক্টোবর) সামাঙ্গান প্রদেশে সফরকালে তিনি একথা বলেন।
প্রদেশটির সর্বস্তরের আলেম, গোত্র প্রধান, কর্মকর্তা, বুদ্ধিজীবী ও ছাত্র সমাজের সাথে এক বৈঠকে এই আফগান শিক্ষামন্ত্রী বলেন, সবাইকে আধুনিক বিজ্ঞান ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি, যাতে আমাদের ছেলেরা ধর্মীয় বিধিনিষেধের আওতায় থেকে নিত্যনতুন যেকোনো সমস্যা উতরে যেতে পারে। এজন্য সিলেবাসভূক্ত বিভিন্ন বিষয়ের ৭০টি বই নিয়ে পর্যালোচনাও করেছেন আমাদের বিশেষজ্ঞগণ। এছাড়া শিক্ষাখাতের অবকাঠামোগত উন্নয়নে সংস্কার ও ভবন নির্মাণের কাজও হাতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নে বিশেষ আইন ও নীতিমালা সর্বক্ষেত্রে সবার উপর প্রযোজ্য করে দেওয়া হয়েছে। তাই দেশের শিক্ষা ব্যবস্থা ও কার্যক্রম আগের তুলনায় এখন আরো বেশি স্বচ্ছ। আরো বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে।
এর আগে সামাঙ্গানের শিক্ষা বিষয়ক প্রধান মাওলানা হাবিবুল্লাহ আহমাদী শিক্ষামন্ত্রী শেখ নিদা মুহাম্মদ নাদিমের কাছে প্রদেশটির শিক্ষার সামগ্রিক চিত্র তুলে ধরেন। সামাঙ্গানের শিক্ষার সার্বিক রিপোর্ট পেশ করেন এবং শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় চাহিদার কথা জানান।
সূত্র: আল ইমারাহ











