নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ২৮শে অক্টোবর আবারও প্রমাণিত হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপের প্রশ্নই নেই।
আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।
২৮শে অক্টোবর সমাবেশের নামে বিএনপি-জামায়াতের তাণ্ডবের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যে সাংবাদিক তাদের নিউজ কাভার করতো বেশিরভাগকেই তারা পিটিয়েছে। তারাও রক্ষা পায়নি।











