চলতি বছরের জুন মাসের মধ্যেই সব ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর মানিকনগর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের এসটিএস উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আজ আমাদের পঞ্চাশতম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হলো। বাকি ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি যে, আগামী জুনের মধ্যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এ কাজ শেষ হবে।
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন ও আধুনিক যান-যন্ত্রপাতিও আমরা ক্রয় করার উদ্যোগ নিয়েছি। যার মাধ্যমে আমরা আশাবাদী যে, এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকতে না। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।











