বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াত ধর্মভিত্তিক রাজনীতি চর্চা করে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করতে চায়। যারা নিজস্ব মতবাদ প্রতিষ্ঠায় কাজ করে, তারাই জনগণকে শোষণ করে আসছে। জামায়াত দেশের জনগণকে শোষণ করেনি, করবেও না। শুধুমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কাজ করছে এবং করবে।
তিনি বলেন, আমরা নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করছি। মানুষ যখন এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে, ইসলামের পক্ষে ভোট দেবে তখন এই আন্দোলনের পরিপূর্ণ সফলতা পাওয়া যাবে।
শাহজাহানপুর পশ্চিম থানা আমির সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ, শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক আমীর মো. গিয়াস উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরার সদস্য আবুল কাশেম গাজী প্রমুখ।










