চাল, ডাল, তেল, আটা, চিনি, ঔষধসহ ভোগ্যপণ্যের লাগামহীন মূূল্য বৃৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
তিনি বলেন, দফায় দফায় পণ্যের মূল্যে বৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষ সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে। কয়েকদিনের ব্যবধানে মাছ, গোশতসহ তরিতরকারির দাম আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
আজ শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর কামরাঙ্গীরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জালানির দাম বাড়ানোর সাথে সাথে বাসা ভাড়াসহ নিত্যপণ্যের মূূূল্য বৃৃদ্ধি পাওয়ায় জনগণের নাভিশ্বাস শুরু হয়েছে।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরও বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। পণ্য মূল্য বৃদ্ধি করার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে সরকারকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত থানা প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী প্রমুখ।











