spot_img

আ.লীগকে কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আবার তারা ক্ষমতায় এলে দেশের অস্তিত্ব থাকবে না।

বৃহস্পতিবার (৪ মে) সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ তারা সেটিকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। স্বাধীনতা যুদ্ধে যা ভালো অর্জন করেছি, সবকিছু সরকার হরণ করে নিয়েছে। কিন্তু দেশের মানুষ জেগে উঠেছে।

তিনি বলেন, যে দেশে মানুষ ভোট দিতে পারে না, কথা বলতে পারে না; সে দেশের মানুষকে শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে হবে। অতি অল্প সময়ের মধ্যে দানবদের সরিয়ে দিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামোকে বিষাক্ত করে তুলেছে আওয়ামী লীগ সরকার। তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল নিয়ে ঐক্য করে দেশকে মুক্ত করতে হবে। রাজনীতিতে তরুণরা এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ