স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বা অপরাধী যেই হোন না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ করেছি, সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট নয়। পোশাকটা আসলে ওয়াইডলি একসেপ্টেডও হয়নি। শুদ্ধ বাংলায় এটা মানানসই নয়। সে জন্য পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছি।’
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তিনি জানান, ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, এবারের সংসদ অধিবেশন ছিল ইতিহাসের অন্যতম সফল। এটি কোনো বিতর্ক ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা গঠনমূলকভাবে উপস্থাপন করা হয়েছে।











