বায়ুদূষণে বাংলাদেশসহ বিশ্বের শহরগুলোর অবস্থান প্রতি মুহূর্তেই ওঠানামা করে। রাতে বাড়ে তো সকালে কমে, আবার সকালে বাড়লে দুপুরে কমে। সেই ধারাবাহিকতায় রোববার (৪ জুন) দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ, আর ঢাকার অবস্থান ষষ্ঠ।
সকাল সাড়ে ৯টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচক এ তথ্য জানিয়েছে।
একিউআই স্কোর ৭১৮ নিয়ে বাগদাদ শীর্ষ দূষণকারী শহর হিসেবে স্থান করে নিয়েছে। এর পরই ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, ১৬৩ স্কোর নিয়ে কাতারের দোহা তৃতীয়, ১৫২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা অবস্থান করছে চতুর্থ স্থানে, ১৫০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে সাউথ আফ্রিকার জোহানসবার্গ এবং ১৪৭ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশে ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।











