প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে গেলেও দেশ-বিদেশের স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।
তিনি সোমবার (৪ জুলাই) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, এর ফ্রন্ট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের মতো বাংলাদেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে কর্মী ও দেশবাসী যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখুন।
কেউ যাতে দরিদ্র, গৃহহীন ও ক্ষুধার্ত না থাকে সেজন্য সরকারের পদক্ষেপে জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, চলমান করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব এখন একটি সংকটময় মোড়ের মধ্য দিয়ে যাচ্ছে। এসময় তিনি বিদ্যুতের মতো জ্বালানি ব্যবহারে বিশেষ করে প্রতিটি খাতে মিত্যবায়ী হওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
সূত্র : ইউএনবি










