বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শেখ আলমগীর হোসেন আলম (৩৫) নামে এক বাংলাদেশি ঘের ব্যবসায়ী আহত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোসেন জানান, তার বাড়ির কাছাকাছি সীমান্তবর্তী কুমড়োর খালের শূন্যরেখা বরাবর একটি মাছের ঘের রয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘের তলিয়ে যাওয়ায় সোমবার ভোরে তিনি নেট দিয়ে ঘের বাঁধতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে তার মাথা, মুখমণ্ডল, ডান চোখসহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে হাসপাতালে আনা হয়। তার মুখমণ্ডল, মাথাসহ বিভিন্নস্থানে ছরা গুলির চিহ্ন রয়েছে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ বলেন, আমরা শুনেছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

গুলিবিদ্ধ আলমগীর হোসেন আলম লক্ষ্মীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ