spot_img

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ৬৫ হাজার আমেরিকান

আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ৬৫ হাজারের বেশি মানুষকে ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। আগুনে ইতোমধ্যে প্রায় ৭০০টি বাড়িঘর পুড়ে গেছে বলে জানিয়েছে আমেরিকান রেড ক্রস।

সোমবার (৩ আগস্ট) সংস্থাটি জানায়, দাবানলের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে স্পোকেন কাউন্টিতে। সেখানে শত শত বাড়ি ধ্বংস হয়েছে।

এদিকে, স্পোকেন কাউন্টি পুলিশ জানিয়েছে, দাবানল লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, তিনি ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামে পরিচিত বড় একটি আগুনের ঘটনায় জড়িত।

দাবানল নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন। কিছু এলাকায় আবহাওয়া অনুকূলে আসায় আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা দল।

তবে স্পোকেন ও স্টিভেন্স কাউন্টির দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। শনিবার শুরু হওয়া এসব আগুনে এরই মধ্যে প্রায় ৮ হাজার একর (৩ হাজার ২০০ হেক্টরের বেশি) এলাকা পুড়ে গেছে।

ওয়াশিংটনের অন্য এলাকাতেও বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। বজ্রপাত থেকে শুরু হওয়া সিনলাহেকিন দাবানলে প্রায় ৮৫ হাজার একর এলাকা পুড়ে গেছে। এটি নিয়ন্ত্রণে ৮২০ জনের বেশি কর্মী কাজ করছেন।

এ ছাড়া লিটল জায়ান্ট ফায়ার নামে আরেকটি দাবানলে ওকানোগান-ওয়েনাচি জাতীয় বনের ৫১ হাজার একরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দীর্ঘদিনের খরা, তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ওয়াশিংটনে এবারের দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ