সরকারপন্থী সমমনা ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘লিবারেল ইসলামিক জোট’।
সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
নতুন রাজনৈতিক জোটের দলগুলো হলো, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ ইসলামী ঐক্য জোট, আশিক্কেনী আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)।
নতুন এই রাজনৈতিক জোটের চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীকে। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীকে নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র এবং বাকি দলগুলোর প্রধানদের কো-চেয়ারম্যান করা হয়েছে। কৃষক শ্রমিক পার্টির সভাপতি ফারাহনাজ হক চৌধুরীকে কো-চেয়ারম্যানের পাশাপাশি সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন রাজৈনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর সভাপতিত্বে ছয় দলীয় জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লিখিত বক্তব্যে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘লিবারেল ইসলামিক জোটের নেতারা ঐক্যবদ্ধভাবে বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। আমাদের সমস্যা আমরাই সমাধান করবো। কোনও বিদেশি শক্তির সেখানে নাক গলানোর কিছু নেই।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তারা বলেন, লিবারেল ইসলামিক জোট দেশে অংশগ্রহণমূলক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, তবে কেয়ারটেকার পদ্ধতি নয়। সব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা শুরু করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই।










