বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের আন্দোলন হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমরা ফ্যাসিস্টের পতন, গণতন্ত্র পুনরুদ্ধারে জন্যই লড়াই করছি। এই সরকার স্বাধীনতার সব অর্জন নষ্ট ও ধ্বংস করে ফেলেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ সরকারের পতন ঘটাতে হবে। এবার আমাদেরকে জয়ী হতেই হবে। আওয়ামী লীগ আবারও ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু এবার তাদেরকে বিনা ভোটের নির্বাচনে ওয়াকওভার নিতে দেবে না জনগণ।
ফখরুল বলেন, গ্রেপ্তার ও জেলে ঢুকিয়ে জনগণের আন্দোলন থামানো যাবে না। আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো ছাড়া অন্য কোনো পথ নেই। এ আন্দোলনে বিজয়ী হতে হবে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাবেক ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।










