চীন এবং তাইওয়ানের মধ্যকার অস্থিরতার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রথম একটি সরকারি প্রতিনিধি দল তাইওয়ানে সফর করেছে।
ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুক্সমান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে বলেন, আমরা এখানে খুব সহজ এবং সাধারণ একটি বার্তা নিয়ে এসেছি। আপনারা একা নন। ইউরোপ আপনাদের পাশে আছে। আমাদের এই সফরকে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে।
ভ্যাটিকান সিটি ছাড়া ইউরোপের আর কোনো দেশের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে চায়।
চীন তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে তাইওয়ান নিজেকে সার্বভৌম দেশ হিসেবে দেখে। এ অবস্থায় দুদেশের মাঝে উত্তেজনা বিরাজ করছে গত কয়েক দশক ধরে।











