বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ভারতে তেল পাচার ঠেকাতেই বাধ্য হয়ে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। তবে বিশ্ব বাজারে পরিস্থিতি ঠিক হলে দাম কমতে পারে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) লন্ডন সফররত প্রতিমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে তিনি এসব কথা জানান।
এদিকে, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে কাভার্ডভ্যান মালিক সমিতি। বেড়েছে এলপিজির দামও। খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যপণ্য, বিশেষ করে কাঁচা শাক-সবজির দাম বাড়বে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দাম বাড়ানোর প্রক্রিয়া বৈধ হয়নি।
এদিকে হঠাৎ করেই জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হওয়ায় পাম্পে এসে বিপাকে পড়েন অনেকেই। দাম বাড়ানোকে অবৈধ বলছে ক্যাব। তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক বন্ধের ঘোষণা দিয়েছে এই খাতের মালিক ও শ্রমিকরা।










