বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে সরকার জেনেশুনে হত্যার ষড়যন্ত্র করছে। কোনো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে সরকারের প্রত্যেককে হত্যার আসামি করা হবে।
বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে— সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যাওয়া। এর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে। সেই তরঙ্গের মধ্য দিয়ে সুনামির মতো এই সরকারকে সরিয়ে একটি সত্যিকারের জনগণের সরকার গঠন করতে হবে।










