রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে ছয়টি প্রস্তাব দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে জমিয়তের ৭ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেয়।
জমিয়তের প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো—আইন প্রণয়ন করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনে ইসিকে ক্ষমতা দেওয়া, বিজ্ঞ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ, নির্বাচনের সময়ে প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদলের ক্ষমতা কমিশনের ওপর ন্যস্ত করা।
এবিষয়ে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বাংলাদেশের সংবিধানে যেহেতু নির্বাচন কমিশন গঠন করতে আইন প্রণয়নের কথা বলা আছে। তাই আমরা বলেছি—সর্বমহলে গ্রহণযোগ্য একটি আইন প্রণয়ন করে সেই আইনের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছি। দেশের বিজ্ঞ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনার হিসেবে নিয়োগ দিলে বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। নির্বাচনকালীন প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদলের ক্ষমতা নির্বাচন কমিশনের অধীনে থাকবে, এটা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়ার দাবিও জানিয়েছি আমরা। এছাড়া নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কমিশনের ওপর ন্যস্ত করারও দাবি জানানো হয়েছে।










