spot_img
spot_img

তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি: সালাহউদ্দিন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখনো পর্যন্ত তার দেশে ফেরার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে।

আজ রোববার (৫ জানুয়ারি) দুই সপ্তাহের লন্ডন সফর শেষে দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংবিধান সংশোধন, পরিবর্তন ও বাতিলের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান বাতিল করা যায় না। বর্তমান সংবিধান সংশোধনী ও পরিবর্তন হবে আমাদের একমাত্র সর্বোত্তম পন্থা।

তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। নির্বাচন বিলম্ব করার যে কোনো ষড়যন্ত্র জনগণ নসাৎ করবে। সুতরাং শিগগিরই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় আমাদের দ্রুত অগ্রসর হওয়া উচিত। সংস্কারের জন্য সময় লাগার কথা না। জাতীয় ঐক্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দেওয়া জরুরি কাজ। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাব, তবে সেটা যেন কিংস পার্টি বা সরকারের সহোযোগিতায় না হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ