মেধাবীদের মেধার বিকাশের সুযোগ করে দেওয়া হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একটি শিশুকেও লেখাপড়ার বাইরে থাকতে দেওয়া হবে না। মাস্টার্স পর্যন্ত ছাত্রীরা সরকারি খরচে পড়ালেখা করবে। যে মায়ের সামর্থ্য নেই, সেই শিশুর দায়িত্ব রাষ্ট্র নেবে। যার নুন আনতে পান্তা ফুরায়, তারও যদি মেধাবী সন্তান থাকে, তার মেধার বিকাশ ঘটানো হবে। যাতে সে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে। এ দেশের মানুষের প্রতি তার দায়বদ্ধতা থাকবে, সে বুঝবে মানুষ কত কষ্টে জীবনযাপন করে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর এ.টিম মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমার কিছু পুরোনো বন্ধু আমার বিরুদ্ধে আক্রমণে শরিক হয়েছেন। আজ আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, আমি তাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন তাদের অপচর্চা ক্ষমা করে দেন। কোনো অপচর্চার জবাব আমি দিইনি, দেবও না।
তিনি বলেন, নওগাঁ উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলা বাংলাদেশের খাদ্য ও ফল উৎপাদনের উল্লেখযোগ্য অংশ যোগান দেয়। কিন্তু নানা ক্ষেত্রে জেলা তার ন্যায্য পাওনা পায়নি। জনসংখ্যা বাড়ছে, মানুষের চাপ বাড়ছে। শহরের ভেতরের সড়কগুলো সংকীর্ণ হওয়ায় চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এগুলো চার লেনে উন্নীত করা প্রয়োজন। ইনশাআল্লাহ সুযোগ পেলে আমরা তা বাস্তবায়ন করব।











