জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, চিকিৎসকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি সরকার আন্তরিকভাবে বিবেচনা করে।
শনিবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডক্টরস ফোরামের ৩য় বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত “বিডিএফ মেম্বারস সামিট-২০২২” এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, রোগীদের সাথে ভুল বোঝাবুঝির কারণে চিকিৎসকরা বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন। ফলে চিকিৎসকরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও চিকিৎসকরা যেন নির্বিঘ্নে রোগীদের যথাযথ সেবা প্রদান করতে পারে সেজন্য সরকার হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম প্রদান, অবকাঠামো ও কর্ম-পরিবেশ উন্নত করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের সব সময় খেয়াল রাখতে হবে, যেন রোগীরা কোনো ধরনের দুর্ব্যবহারের শিকার না হন। তাই প্রতিটি চিকিৎসককে রোগীদের হাসিমুখে আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে।










