ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ফাইভ-জি প্রযুক্তিতে এসেছে। এখন দেশ সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলছে। এ মাসেই ফাইভ-জি প্রযুক্তি নিলাম করা হবে।
আজ শনিবার (৫ মার্চ) রাজধানী ঢাকার বিটিআরসি আয়োজিত এক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সংযুক্তি ও যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য। দেশে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের বিপ্লব আসন্ন।
মোস্তাফা জব্বার আরও বলেন, এরই মধ্যে মিশ্র শিক্ষার ওপর টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ বিষয়ে কয়েকটি বৈঠকও হয়েছে। মিশ্র শিক্ষা স্থায়ী নয়, এটি প্রাচীন শিক্ষাব্যবস্থা থেকে যুগোপযোগী শিক্ষার উত্তরণে একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের মূলত ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
তিনি বলেন, আমরা ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করে আসছি। কোভিডকালে আমরা এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি। ২০০৮ সালেও অনেকের কাছে মনে হয়েছিল ডিজিটাল বাংলাদেশ সম্ভব না। এখন বাংলাদেশ কেবল ডিজিটাল বাংলাদেশই নয়, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেও বিস্ময়কর সফলতা অর্জন করেছে।










