spot_img
spot_img

ইমরান খানকে গ্রেফতার করতে বাসভবনে পুলিশ; পিটিআই নেতাকর্মীদের বাধা

আলোচিত তোশাখানা মামলার শুনানিতে আদালতে উপস্থিত না হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

রোববার (৫ মার্চ) পাঞ্জাব পুলিশকে সাথে নিয়ে ইসলামাবাদ পুলিশের বিশেষ একটি দল ইমরান খানকে গ্রেপ্তারে লাহোরে তার জামান পার্ক বাসভবনে পৌঁছেছে।

দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাসভবন লাহোরের জামান পার্কে পৌঁছেছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা করায় পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে পিটিআই নেতারা ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে সেখানে অবস্থান নিয়েছেন।

তোশাখানা মামলার শুনানিতে ইমরান খান ধারাবাহিকভাবে উপস্থিত না হওয়ায় ইসলামাবাদের দায়রা আদালতের বিচারক সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

পুলিশ বলছে, যারা গ্রেফতারে বাধা দেবে তাদের আইনের মুখোমুখি করা হবে।

ইসলামাবাদ পুলিশের প্রধান বলেছেন, তারা ইমরান খানকে গ্রেপ্তার করেই লাহোর ত্যাগ করবেন। জামান পার্ক থেকে শূন্য হাতে ফিরবেন না তারা। অন্যদিকে, ইমরান খানকে গ্রেপ্তার করা হলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করা হবে বলে হুমকি দিয়েছে পিটিআই।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খানকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত। এটা সরকারের কোনও আদেশ নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ