দেশের হাওরাঞ্চল উজানের পানিতে তলিয়ে যাওয়া এবং ফসলের ক্ষয়ক্ষতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, উজানের ঢলে দেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার একটি বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবছে। এই অসময়ে পানির ঢলে বোরো ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আমরা গণমাধ্যমে নানাভাবে জেনেছি যে, বাঁধ নির্মাণের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সে কাজের জন্য সরকারের অতি উচ্চ পর্যায়ের আত্মীয় স্বজন বা ক্ষমতায় থাকা দলের লোকেরা এই বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিল। কিন্তু তারা বাঁধ নির্মাণ না করায় এই অঞ্চলের সাধারণ মানুষের বাড়ি ঘর ভেসে যাচ্ছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে এই বৈশ্বিক সংকটে এই যে যুদ্ধ হচ্ছে ফলে খাদ্যের সংকট তীব্রতর হচ্ছে। বাংলাদেশে সেই সংকট আরো তীব্রতর হচ্ছে এই অসময়ের পানির ঢলে। কারণ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমি বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রিজভী বলেন, সরকারের অযোগ্যতা ও অব্যস্থাপনা এবং জনগণের প্রতি ভ্রুক্ষেপহীনতার কারণেই আজকে অসময়ের পানির ঢলে একটা বিস্তীর্ণ অঞ্চল ডুবে যাচ্ছে এবং ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষের বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে। এজন্য সম্পূর্ণ দায়ি বর্তমান সরকার। কারণ তারা আসল কাজের চেয়ে ভিন্ন কাজে ব্যস্ত।










