spot_img

সরকার কোথাও ঠিকমত দায়িত্ব পালন করতে পারছে না : মির্জা ফখরুল

বর্তমান সরকার দায়িত্বজ্ঞানহীন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার কোথাও ঠিকমত দায়িত্ব পালন করতে পারছে না। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গতকাল বঙ্গবাজার অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকার কাপড় পুড়ে গেছে। কিছুদিন আগেও সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হলো। মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা নেই সরকারের কাছে।

আজ বুধবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মালিবাগ স্কাই সিটিতে ১২দলীয় জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করে একের পর এক বেআইনি কাজ করে যাচ্ছে। গতকাল কুমিল্লায় বিএনপির মাহফিলে পুলিশ হামলা চালায়। গ্রেপ্তার করা হয় ২৫ নেতাকর্মীকে। আজ সকালে নরসিংদী জেলা কমিটির সভাতেও পুলিশ হামলা চালায়। নাটোর, খুলনাসহ সারাদেশে বিএনপির সভায় ও ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার এমনভাবে কথা বলে যেন এ দেশের চেয়ে বেশি গণতন্ত্র আর কোথাও নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আর লাভ নেই। এবার রুখে দাঁড়াতে হবে। এরা জাতির বড় ক্ষতি করছে। গণতন্ত্র ধ্বংস করেছে। ভোটাধিকার হরণ করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এদের কাছে কেউ নিরাপদ নয়।

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইব্রাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ