মানুষের আকাঙ্ক্ষার জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে মন্তব্য করেছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, তা অক্ষরে অক্ষরে বিএনপি বাস্তবায়ন করবে। মানুষের আকাঙ্ক্ষার জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে, সংস্কারে পরিকল্পনা ৩১ দফায় আগেই নেওয়া হয়েছে। অনেকে ভুলভাবে সবকিছু উপস্থাপন করার চেষ্টা করছে। অযথা অহেতুক কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি শান্তি চায়, তাই বাংলাদেশকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক সাম্যের দেশ গড়তে চায়, বাংলাদেশ ধনী দেশ নয়, ধনী দেশ হতেও চাই না। এ সময় একটি মানবিক দেশ গড়ার সংকল্প করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।











