spot_img
spot_img

৫ মে হেফাজতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া

আজ শাপলা চত্বর গণহত্যার ১৩তম বার্ষিকী। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের নেতা, কর্মী ও সমর্থকদের ওপর রাতের অন্ধকারে ভয়াবহ গণহত্যা চালায় তৎকালীন হাসিনা সরকার।

সেদিন শাপলা চত্বর ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হেফাজতে ইসলামের নেতা, কর্মী ও সমর্থকদের পাশে দাঁড়াতে দলীয় নেতা, কর্মী, সমর্থক ও ঢাকাবাসীর প্রতি কয়েক দফা আহ্বান জানান।

২০১৩ সালের ৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার এ আহ্বানের কথা সংবাদমাধ্যমকে জানান তার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি জানান, খালেদা জিয়া বলেছেন, হেফাজতে ইসলামের কর্মসূচিতে যারা এসেছেন, তারা মুসাফির, তারা মেহমান। তাদের খাওয়া-দাওয়াসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা দায়িত্ব। দলীয় নেতা-কর্মী ও ঢাকাবাসীর প্রতি তার আহ্বান ছিল, যেভাবে পারা যায়, সবাই যেন তাদের পাশে দাঁড়ায় এবং তারা যেন কষ্ট না পায়।

রাত সাড়ে ৮টার দিকেও খালেদা জিয়ার নামে একটি বিবৃতি সংবাদমাধ্যমে পাঠানো হয়। ওই বিবৃতিতে দলীয় নেতা-কর্মীদের হেফাজতের অবস্থানে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও ধারাবাহিকভাবে একাধিক স্ট্যাটাস দেন খালেদা জিয়া।

রাত ৯টা ৩৯ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে খালেদা জিয়া বলেন, “ঢাকা শহরে অবস্থানরত বিএনপির নেতা/কর্মী/সমর্থকবৃন্দ, আপনারা বাকশালী সরকারের নির্মম নির্যাতনের শিকার হেফাজতে ইসলামীর নেতা, কর্মী ও সমর্থকদের খাদ্য ও পানীয় সরবরাহ করে সহযোগিতা করুন।”

রাত গভীর হওয়ার পর শাপলা চত্বরের পরিস্থিতি নিয়েও স্ট্যাটাস দেন খালেদা জিয়া। সেখানে তিনি বলেন, “শাপলা চত্বর থেকে সরিয়ে নেয়া হচ্ছে সাংবাদিকদের। বিদ্যুৎ বন্ধ করা হয়েছে অনেক আগে। তথ্য জগত থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সমাবেশস্থল। গণহত্যার মঞ্চ কি তাহলে প্রস্তুত? এখন খালি হত্যাকারীদের নামার পালা? আওয়াজ তুলুন! সবাইকে জানান!”

রাত ১১টা ২৫ মিনিটে দেওয়া আরেক স্ট্যাটাসে খালেদা জিয়া বলেন, “পল্টন দিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছে বিজিবির ভারি অস্ত্রে সজ্জিত দল। গণহত্যার মঞ্চ প্রস্তুত!”

২০১৩ সালের ৫ মে রাতের সেই শাপলা চত্বর ঘিরে যখন দমন-পীড়ন ও গণহত্যার আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছিল, তখন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন, বিবৃতি ও ফেসবুক স্ট্যাটাসগুলো প্রকাশিত হয়। এসব আহ্বানে তিনি হেফাজতে ইসলামের নেতা, কর্মী ও সমর্থকদের পাশে দাঁড়ানো, খাদ্য ও পানীয় সরবরাহ, সাংবাদিকদের রক্ষা এবং শাপলা চত্বরের পরিস্থিতি নিয়ে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ