spot_img
spot_img

মমতার ভাইপো অভিষেক হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক

লোকসভার আইনপ্রণেতা ও মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে দলটি বড় বিজয় পাওয়ার পর শনিবার (৫ জুন) অনুষ্ঠিত প্রথম সাংগঠনিক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

এছাড়া তৃণমূলের নারী শাখার প্রধানের দায়িত্ব পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার আর বিগত নির্বাচনে হেরে যাওয়ার পরও দলের যুব শাখার দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী সায়নি ঘোষ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুব শাখার প্রধান ছিলেন। দলটি ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি নেওয়ায় ওই দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে অভিষেককে।

শনিবার তৃণমূলের বৈঠকের পর সিনিয়র নেতা পার্থ চট্টপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের বাইরে দল সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছর উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটের নির্বাচন এবং লোকসভা নির্বাচনের তিন বছর বাকি থাকতে তৃণমূলের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ