spot_img
spot_img

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে গত মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হামলায় ৬ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ২০ জন। এছাড়া ১৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

শুক্রবার (৫ জুন) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মাসিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

সীমান্তে হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, মে মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৬টি হামলার ঘটনায় ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ। এছাড়া বিএসএফের হাতে ১৪ জন বাংলাদেশি আটক হয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। এছাড়া ৪টি ঘটনায় ১৮ জনকে আটক করেছে আরাকান আর্মি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে মোট ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত এবং ২৮৯ জনের বেশি আহত হয়েছেন।

নিহতদের মধ্যে বিএনপির ১ জন, জামায়াতের ১ জন, পার্বত্য চট্টগ্রামের দল ইউপিডিএফের ২ জন এবং ১ জন সাধারণ নারী রয়েছেন।

আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও চাঁদাবাজি কেন্দ্রিক এসব সহিংসতার ঘটনায় ১৩৪টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মব ও গণপিটুনির ঘটনাতেও আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে। মে মাসে ৬৬টি গণপিটুনির ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। চুরি, ডাকাতি ও ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন অভিযোগে এসব গণপিটুনির ঘটনা ঘটেছে।

গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রেও প্রতিবেদনে নেতিবাচক চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, মে মাসে ৩৯টি ঘটনায় ৭৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪২ জন সরাসরি আহত হয়েছেন।

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ফলে ১১টি ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করায় এসব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম মানবাধিকার রক্ষায় সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের কারণে গ্রেপ্তারের ঘটনাগুলো সমাধান না হলে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সূত্র: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ