ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আফগানিস্তানে পাকিস্তানের চালানো বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ভারত। ওই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এসব মূল্যবান প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
শুক্রবার (৩ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জয়সওয়াল বলেন, “আফগানিস্তানে পাকিস্তানের চালানো বিমান হামলার আমরা কঠোর নিন্দা জানিয়েছি। ওই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। মূল্যবান এসব প্রাণহানির ঘটনায় আমরা সমবেদনা জানিয়েছি এবং একই সঙ্গে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি আমাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছি।”
তিনি আরও বলেন, ভারত আফগানিস্তানে মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রেখেছে। ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা পাঠানোর পাশাপাশি আফগান জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নও ভারতের চলমান সহায়তার অংশ।
জয়সওয়াল বলেন, “আমরা ওষুধ ও অন্যান্য ধরনের সহায়তা পাঠিয়ে আসছি। পাশাপাশি সেখানকার মানুষের জীবনে উপকার বয়ে আনতে পারে, এমন উন্নয়ন প্রকল্পও আমরা বাস্তবায়ন করে আসছি। এটি অব্যাহত রয়েছে।”
এদিকে সিঙ্গাপুরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সাবেক রাষ্ট্রদূত বিলাহারি কৌশিকান পাকিস্তানের সমস্যার জন্য ভারত, আফগানিস্তান বা অন্য প্রতিবেশীদের দায়ী করার দাবি প্রত্যাখ্যান করেছেন। তার মতে, পাকিস্তানের সংকটের মূল কারণ দেশটির অভ্যন্তরীণ অব্যবস্থাপনা।
কৌশিকান বলেন, “আপনার সব সমস্যার জন্য অন্যদের দোষারোপ করতে পারেন না। হ্যাঁ, পাকিস্তানের ভূগোল পরিস্থিতিকে সহজ করে না, কিন্তু এটিই মূল কারণ নয়। যে দেশ নিজের সমস্যার জন্য সবসময় অন্যদের দোষারোপ করে, তারা কখনো সেসব সমস্যা কাটিয়ে উঠতে পারবে না।”
সূত্র: তোলো নিউজ











