সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র দপ্তর এ অনুমোদন দিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রয়টার্সের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ (জেডিএএম-ইআর) বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব অস্ত্রের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান বোয়িং।
এ ছাড়া সৌদি আরবের কাছে প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ট্যাংক ইঞ্জিন বিক্রিরও অনুমোদন দিয়েছে আমেরিকা। এসব ইঞ্জিন সরবরাহের প্রধান ঠিকাদার হানিওয়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, জেডিএএম-ইআর প্যাকেজে ১০ হাজারের বেশি গাইডেন্স কিট ও সংশ্লিষ্ট সরঞ্জাম রয়েছে। এর পাশাপাশি প্রায় সমসংখ্যক আনগাইডেড বোমাও রয়েছে। এগুলোর মধ্যে ৫০০ পাউন্ড ও ২ হাজার পাউন্ড ওজনের বোমা রয়েছে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র ও সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের নিরাপত্তা জোরদার এবং আমেরিকা ও অন্যান্য উপসাগরীয় মিত্রদের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতেও এটি ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তি আমেরিকার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে। পাশাপাশি, আমেরিকার প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার হবে।
সূত্র: রয়টার্স











