ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুথি বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৫৭ জন নিহত হয়েছে। একই দিনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৬ জন নিহত হয়েছেন।
শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ইয়েমেনের পৃথক তিনটি সামরিক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর ২৬ সদস্য এবং ইরান সমর্থিত হুথি বাহিনীর ৩১ সদস্য নিহত হয়েছে।
এদিকে ইয়েমেনের একটি স্বাস্থ্যসূত্র এএফপিকে জানিয়েছে, তায়েজ প্রদেশের একটি সড়কে ইরান সমর্থিত হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
এর আগে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো ওই হামলায় ৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।
সব মিলিয়ে শনিবারের সংঘর্ষ ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।
সূত্র : এএফপি











