দাওয়াতে তাবলীগ ইস্যুতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। মহাসম্মেলনকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দেশের দাওয়াতে তাবলীগ ইস্যুতে ডাকা এই মহাসম্মেলনে দেশের শীর্ষ আলেম-ওলামারা বক্তব্য রাখেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া সম্মেলন চলে দুপুর ২টা পর্যন্ত।।
এতে বক্তারা বলেন, দাওয়াতে তাবলীগের ইজতেমাকে কেন্দ্র করে যদি স্বঘোষিত আমির মাওলানা সা’দ ও তার অনুসারীদের এ দেশে আসতে দেওয়া হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে।
তারা আরও বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির মাওলানা সা’দ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।
ওলামা-মাশায়েখগণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের মনে রাখতে হবে, ছাত্রজনতার আন্দোলনে অনেক ওলামায়ে কেরাম শাহাদাতবরণ করেছেন। আমরা শাপলা চত্বরে জীবন দিয়েছি। আওয়ামী জালিম সরকারের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি।
আলেম-ওলামাগণ আরও বলেন, দুই বারের পরিবর্তে একবার বিশ্ব ইজতেমার আয়োজন এবং ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে সম্মেলনে হুঁশিয়ারি দেন।









