আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামী মহা-সম্মেলনে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নেমেছিল। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আসেপাশে ময়লার স্তুপ হয়ে যায়। এ নিয়ে সামাজিক যােগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। তবে এই কর্মসূচি শেষ হওয়ার পরপরই ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে নামতে দেখা গেছে ইসলামী মহাসম্মেলন আসা ছাত্র-জনতাকে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ওলামা-মাশায়েখদের ইসলামী মহাসম্মেলন’ শেষে এই কার্যক্রম পরিচালনা করেছেন স্বেচ্ছাসেবীরা।
পরিচ্ছন্নতা অভিযানে থাকা ছাত্র-জনতারা জানান, সম্মেলনে বিশাল সংখ্যক জমায়েত হওয়ায় প্রাথমিকভাবে আমরা সুষ্ঠু পরিচালনা করতে পারিনি। তবে সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি।
এর আগে, এদিন সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন শুরু হয়। এতে যোগ দিতে রাত থেকে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। ‘দাওয়াত ও তবলিগ, কওমি মাদ্রাসা এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ এ সম্মেলন অনুষ্ঠিত হয়।











