ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, তাতে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, এই অর্থনীতি ভোগনির্ভরতার পরিবর্তে বিনিয়োগের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সুরক্ষার লক্ষ্যে সরকার অর্থনৈতিক কূটনীতি জোরদার করছে।
এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন নতুন বাজার উন্মুক্ত হবে বলেও জানান হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করছে, যেখানে মার্কিন কোম্পানিগুলো স্বাচ্ছন্দ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়ন জোরদার হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে।
তিনি আরও বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনে নতুন সুযোগ তৈরি করবে।











