ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা কর্মী সম্মেলনে পুলিশী বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, পুলিশ দিয়ে বাধা, হুমকি-ধমকি ও মামলার ভয়ভীতি দেখিয়ে ইসলামী আন্দোলনের কর্মকাণ্ড দমিয়ে রাখা যাবে না।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে দলের ফেনী জেলা শাখার কর্মী সম্মেলন শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন মিড টাউন কনভেনশন হলে হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানের আগ মুহুর্তে হলকে ঘিরে রেখে কর্মী সম্মেলন করতে দেয়নি পুলিশ। পরে একটি মসজিদে আগত কর্মীদের নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুফতী ফয়জুল করীম।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আজ জনবিচ্ছিন্ন। তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। তারা বুঝতে পেরেছে তাদের ভোটের হাড়ি শূন্য হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় তাদের চরম বিপর্যয় হয়েছে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ভোটাধিকার হরণ করে নিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের প্রার্থীদেরকেও বিভিন্ন জায়গায় হুমকি-ধমকি ও মারধরসহ তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে নির্বাচনের মাঠ দখল করে রাখছে। আমরা জোর দাবি জানাচ্ছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন।
মুফতী ফয়জুল করীম বলেন, সরকার আজকে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। এমনকি হলের একান্ত ঘরোয়া প্রোগ্রামগুলোও করতে দিচ্ছে না। জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়ে সরকারের আখের রক্ষা হবে না।
এসময় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি মাওলানা নূরুল করীম, সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া প্রমুখ।










