spot_img

সরকারের দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

বর্তমান সরকারের অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আচরণ এখন বিপজ্জনক রূপ নিয়েছে। দেশকে এরা ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান করা এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অগ্রাহ্যের কারণে সমগ্র দেশটাই এখন বিষাক্ত কারাগারে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় চট্টগ্রাম মহানগরীর ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল হুদাসহ ৪৯ নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, ইসকান্দার মির্জা, আব্দুল মান্নান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ দিপ্তীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের হয়েছে। এ ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ