ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মানুষের অসহনীয় জীবন-জীবিকাকে পাত্তা না দিয়ে সরকারের যথেচ্ছ ভুল সিদ্ধান্তে গণদুর্ভোগ চরম থেকে চরমে উঠেছে। তিনি ভারতের আদানি পাওয়ার গ্রুপের সাথে করা বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলেছেন, আদানির বিদ্যুৎ আমদানি চুক্তি বিবেকবান দেশপ্রেমিক মানুষকে হতবাক করেছে। এটি একইসাথে বিবেকবিবর্জিত ও দেশের স্বার্থবিরোধী। তাই এ চুক্তি বাতিল করতে হবে।
আজ সোমবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিদ্যুৎ আমদানির নামে দেশের সম্পদ লুট করার এই চুক্তিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় সরকারের প্রতি তোষণনীতি হিসেবে অভিহিত করেছেন দেশী-বিদেশী বিশেষজ্ঞরা। দেশে দুর্নীতি, দুঃশাসন, অর্থপাচার ও সীমাহীন লুটপাটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ চুক্তি মূলত আদানির পকেট ভরার চুক্তি, একপেশে ও অত্যন্ত ব্যয়বহুল। কয়লা খনি, পরিবহনের জাহাজ, বন্দর, রেললাইন ও বিদ্যুৎকেন্দ্র সবই আদানির মালিকানায়। প্রতিটি ধাপে খরচ হিসাব করবে তারা। তাই এখানে বাড়তি খরচের সুযোগ রয়ে গেছে।
তিনি বলেন, ভারতকে খুশি করতে সরকার আদানির সাথে বাড়তি টাকায় চুক্তি করে তা জনগণের উপর চাপিয়ে দিয়ে জনগণকে শোষণ করছে। কাজেই আদানির সাথে সকল চুক্তি বাতিল চায় দেশপ্রেমিক জনগণ।










