প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কেউই অসীম নই। তবে অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
তিনি বলেন, আমরা মাত্রই নির্বাচন কমিশনে নিযুক্ত হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। আজ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছি। এ সংলাপটি করছি শুধু শোনার জন্য। সংলাপের যে ফলাফল সেগুলো আমরা লিপিবদ্ধ করছি। এরপর আমরা ইন্টারনালি এই মতামতগুলো বোঝা ও জানার চেষ্টা করব।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সংলাপে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে অংশ নেন বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ ২৩ জন সাংবাদিক।
এর আগে গত মাসে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফা সংলাপ করে ইসি।
সিইসি বলেন, সংলাপে কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে, আমরা সেগুলা চিহ্নিত করব। মূল বিষয়গুলো চিহ্নিত করতে পারলে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে আমরা কাজে এগিয়ে যেতে পারব। এ চেষ্টাই আমরা করে যাচ্ছি।










