বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিট্যান্ট ডিরেক্টর মো. বজলুর রশীদ বলেছেন, আমরা ২০২০ সালে গাউসিয়া মার্কেটে একটা মহড়া দিয়েছিলাম, তখন যে অগ্নিনিরাপত্তা ঝুঁকি পেয়েছিলাম এখন তার চেয়ে কিছুটা ইমপ্রুভ করেছে, তবে এখনো ঝুঁকিমুক্ত নয়।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসিয়া মার্কেটের অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা দেখলাম এখানে কিছু সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িগুলো খুব সংকীর্ণ। কিছু জায়গায় মালামাল রাখা। যদি আগুন লাগে তাহলে মানুষ ওই সিঁড়ি দিয়ে নামতে পারবে না, প্রতিবন্ধকতা তৈরি হবে। এ ছাড়া ফায়ার হাইড্রেন্ট নেই, অগ্নি নির্বাপনের জন্য যে পরিমাণ পানি থাকার কথা এখানে সেটা পর্যাপ্ত নয়, ফায়ার এলার্মও নেই।
তিনি আরও বলেন, প্রতি ফ্লোরে ৬-৭ জনের একটি ফায়ার ফাইটার টিম থাকার কথা সেটা ব্যবসায়ীরা দেখাতে পারেননি, সেটা পরে দেখাবেন বলে জানিয়েছেন।











