এবছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ্ব পালনকারী হাজ্বীদের বেঁচে যাওয়া অর্থ ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। খাবার ও প্যাকেজের খরচ কমায় হাজ্বীরা খাবার বাবদ ৩৫ হাজার এবং প্যাকেজের হ্রাসকৃত মূল্য ১১ হাজার ৭২৫ টাকাসহ সর্বমোট ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাবেন হাজ্বীরা।
এরই মধ্যে অনেকে এ টাকা উত্তোলন করেছেন। বাকিদের দ্রুত সময়ের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব শাখার সিনিয়র সহকারী সচিব এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় যারা পবিত্র হজ্ব করতে গিয়েছিলেন কিন্তু খাবার বাবদ ২৫ হাজার টাকা এবং হজ্ব প্যাকেজের খরচ কমা বাবদ ১১ হাজার ৭২৫ টাকাসহ মোট ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত নেননি তাদের দ্রুত ধর্ম সচিবের বরাবর আবেদন করে টাকা নেওয়ার জন্য বলা হয়েছে। নির্ধারিত ছকে হাজ্বীর নাম, পিআইডি নম্বর, মোবাইল নম্বর, হিসাবের শিরোনাম, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম ও শাখা এবং রাউটিং নম্বর দিয়ে আবেদন করতে বলা হয়েছে।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্বযাত্রীর সৌদিতে যাওয়ার জন্য চুক্তি হয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার বাকি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বে যাওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছর হজ্বের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ বার নিবন্ধনের সময় বাড়িয়েও কোটা পূরণ করা যায়নি।











